অবিশ্বাস্য হলেও সত্য যে, একটি সামুদ্রিক পোয়া (জো ফিস) মাছের দাম উঠেছে ১০ লাখ টাকা। অর্থাৎ কেজিতে মাছটির দাম পড়েছে ২৯ হাজার ৪১১ টাকা। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনস দ্বীপে জেলেদের জালে ধরা পড়া ৩৪ কেজি ওজনের এই সামুদ্রিক বড় পোয়া মাছটি বিক্রি হয়েছে। সাগরের সোনালী রঙের সামুদ্রিক পোয়া মাছটি বিরল প্রজাতির মাছ। আকস্মিক ধরা পড়ে থাকে এ প্রজাতির সামুদ্রিক মাছ।
মৎস্য বিজ্ঞানীরা বলেছেন, সোনালী রংয়ের সামুদ্রিক পোয়া মাছের ‘ইয়ার ব্লাডার’ নামক অংশটি সবচেয়ে মূল্যবান। এটি ওষুধ তৈরির উপাদান হিসাবে ব্যবহার করা হয়। কক্সবাজারের সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মঈনুদ্দিন আহমদ গতরাতে মাছটি সম্পর্কে আরো জানান, ‘সামুদ্রিক সোনালী পোয়া মাছের ইয়ার ব্লাডার যেমনি মূল্যবান ওষুধে ব্যবহৃত হয় তেমনি মাছটি অত্যন্ত উপাদেয় স্যুপ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে।’
জানা যায়, মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনসের জেলে আব্দুল গণিসহ আরো ৫ জেলে সকালে ইঞ্জিনচালিত নৌকায় দ্বীপের অদূরে সাগরে মাছ ধরতে যায়। এ সময় তাদের জালে পোয়া মাছটি আটকা পড়ে। দুপুরের দিকে জেলেরা মাছটি নিয়ে কূলে ফিরে আসে। এসময় সেন্ট মার্টিনস জেটি ঘাটে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় করে।
জেলে আব্দুল গণি জানান, তার জালে আটকা পড়া পোয়া মাছটির ওজন ৩৪ কেজি। প্রথমে সে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী ফজল করিমের কাছে ৮ লাখ টাকায় বিক্রি করেন। পরে ফজল করিম চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকায় বিক্রি করে দেন বলে জানায়। তিনি আরও জানান, তার জালে আটকাপড়া মাছটি কালো রঙের পোয়া মাছ হলে দাম আরো কয়েকগুণ বেশি হতো।


0 Reviews:
Post Your Review